স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতির অনন্য ও অসাধারণ অহংকার। বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গিয়েছেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত এই বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন—আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।
লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বহু মানুষের পঙ্গুত্ব ও আর্তনাদের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের কথা স্মরণ করেন সরকারপ্রধান।
তিনি সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর এই উদ্যোগকে রাষ্ট্রের অবশ্যম্ভাবী দায়িত্ব হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ সশস্ত্র বাহিনীর যেসব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ সম্মাননা ও সংবর্ধনা পেলেন, আমি মনে করি এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। আপনাদেরকে সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় পূরণের চেষ্টা করেছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তানের গর্বিত অংশীদার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা পুরো সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বিএনপি জনগণের রায়ে যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে 'মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়' প্রতিষ্ঠা করার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এটি ছিল একটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত এবং পরবর্তীতে ২০০২ সালে 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন' প্রণয়ন করা হয়েছিল।
জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সময়ের নিয়মে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ বয়সের ভারে ক্লান্ত। জীবন সায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনও জ্বলজ্বল করছে। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
বিইউ/এএস




