বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় শিক্ষাক্রমে মহানবীর (সা.) জীবনী অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

জাতীয় শিক্ষাক্রমে মহানবীর (সা.) জীবনী অন্তর্ভুক্তির দাবি
জাতীয় প্রেসক্লাবে আওয়ার ইসলাম ডটকম আয়োজিত এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি: ঢাকা মেইল

জাতীয় শিক্ষাক্রমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী বা সিরাত অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিভিন্ন বক্তা। তাঁরা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র ও জীবনবোধ গঠনে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু সিরাত পড়ানো নয়, বাস্তব জীবনে এর শিক্ষা কীভাবে প্রয়োগ করতে হবে, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আওয়ার ইসলাম ডটকম আয়োজিত এক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মহানবী (সা.)-এর জীবনী শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার দাবি এবং তাঁর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মহিবুল্লাহ বাকী আনাদ বলেন, সিরাত নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতিটি উদ্যোগই গুরুত্বপূর্ণ। তবে সিরাত পাঠের পাশাপাশি এর শিক্ষা বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করতে হবে, সেটিও জানতে হবে।

image

তিনি বলেন, একটি জাতির চিন্তা ও আদর্শ গঠনে শিক্ষাব্যবস্থা এবং পাঠ্যসূচির বড় ভূমিকা রয়েছে। তাই জাতীয় শিক্ষাক্রমে সিরাত অন্তর্ভুক্তির দাবি জানানোর পাশাপাশি এ বিষয়ে যুক্তিগুলোও যথাযথভাবে তুলে ধরতে হবে। যারা স্কুলে দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদের যুক্তির জবাবও দিতে হবে।

মুফতি মহিবুল্লাহ বলেন, কোরআন-হাদিসের জ্ঞান মূল জ্ঞান হলেও তা বাস্তব জীবনে প্রয়োগের জন্য সহযোগী জ্ঞানের প্রয়োজন রয়েছে। অজু ছাড়া যেমন নামাজ আদায় করা যায় না, তেমনি শুধু অজু করলেই নামাজ আদায় হয় না। ইলমের ক্ষেত্রেও মূল ও সহযোগী জ্ঞানের মধ্যে ভারসাম্য রাখতে হবে।

সিরাতের শিক্ষা প্রয়োগের গুরুত্ব বোঝাতে তিনি কাবা শরিফের হাতিম অংশের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) কাবার ওই অংশটি মূল কাঠামোর অন্তর্ভুক্ত করার ইচ্ছা থাকলেও মানুষের প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তা করেননি। আবার আল্লাহর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করেছেন। অর্থাৎ, কোন পরিস্থিতিতে মানুষের প্রতিক্রিয়া বিবেচনা করতে হবে এবং কোথায় তা উপেক্ষা করতে হবে, সিরাত থেকে সেই শিক্ষাও নিতে হবে।

তিনি আরও বলেন, মক্কা বিজয়ের সময় মুসলমানদের শক্তি ও সামর্থ্য প্রদর্শনের বিষয়টি ছিল বিশেষ পরিস্থিতির অংশ। অন্যদিকে লোকদেখানো কাজ থেকে বিরত থাকার নির্দেশনাও রয়েছে। কোন পরিস্থিতিতে শক্তি প্রদর্শন প্রয়োজন আর কখন তা প্রদর্শনীতে পরিণত হয়, সেটিও সিরাত পাঠের মাধ্যমে বুঝতে হবে।

দেশে সন্ত্রাস ও দুর্নীতি বন্ধের প্রসঙ্গ তুলে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, শুধু বাহ্যিক পদক্ষেপ নিয়ে এসব সমস্যা পুরোপুরি দূর করা সম্ভব নয়। মানুষের মন ও চিন্তায় সিরাতের শিক্ষা পৌঁছে দিতে হবে। যত দিন পর্যন্ত শিক্ষার্থীদের মন ও মস্তিষ্কে সিরাতের শিক্ষা গভীরভাবে পৌঁছে দেওয়া না যাবে, তত দিন শুধু বাহ্যিক পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাস ও দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না। সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিলে সিরাতের শিক্ষার মাধ্যমে দেশকে শান্তি ও কল্যাণের পথে ফিরিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে অপর এক বক্তা বলেন, মুসলিমপ্রধান বাংলাদেশের শিক্ষাক্রম থেকে ধীরে ধীরে ইসলামী শিক্ষা ও মহানবী (সা.)-এর জীবনী বাদ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। শিক্ষাব্যবস্থার মাধ্যমে একটি জাতির চিন্তা, আদর্শ ও ধর্মীয় পরিচয় প্রভাবিত হতে পারে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গঠিত শিক্ষা কমিশনগুলোর সুপারিশে পাঠ্যক্রম থেকে ধর্মীয় শিক্ষা সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে।

তিনি দাবি করেন, শিক্ষা কার্যক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যেও স্কুলে ধর্মীয় শিক্ষা রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। মাদরাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়—এ যুক্তিতে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার সুযোগ নেই। মুসলিমপ্রধান বাংলাদেশের শিক্ষাক্রমে মহানবী (সা.)-এর সিরাতসহ ইসলামী শিক্ষা অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশীদ হাবিব অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তাঁর পাঠানো শুভেচ্ছাবার্তা পড়ে শোনান মনিরুজ্জামান মামুন। বার্তায় হাবিবুর রশীদ বলেন, প্রতিযোগিতায় দুই হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। তাঁদের মধ্য থেকে ৭৫ জন পুরস্কার পাচ্ছেন। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে এ ধরনের প্রতিযোগিতা আরও ব্যাপকভাবে আয়োজন করা প্রয়োজন।

শুভেচ্ছাবার্তায় তিনি আরও বলেন, জাতীয় পাঠ্যক্রমে মহানবী (সা.)-এর জীবনী অন্তর্ভুক্ত হলে শিক্ষার্থীরা শৈশব থেকেই তাঁর জীবন ও আদর্শের আলোকে নিজেদের গড়ে তোলার সুযোগ পাবে। এতে তাদের চিন্তা, চরিত্র ও জীবনবোধে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

আলোচনায় অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, সমাজের সব স্তরের মানুষের কাছে মহানবী (সা.)-এর জীবনী পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য প্রতিষ্ঠানটির কার্যক্রমকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে সিরাত চর্চা ও প্রচারে কার্যকর উদ্যোগ নিতে হবে। কওমি মাদরাসার বাইরে সাধারণ শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষসহ সমাজের সব শ্রেণির কাছে সিরাতের শিক্ষা পৌঁছে দিতে হবে।

image

লেখক, মুহাদ্দিস ও গবেষক মোহাম্মদ জয়নুল আবেদিন বলেন, সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস ও মানুষের অধিকার হরণের মতো প্রবণতা ঠেকাতে নতুন প্রজন্মের চিন্তা ও চরিত্রে মহানবী (সা.)-এর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। কেউ জন্মগতভাবে অপরাধী হয়ে আসে না; পরিবার ও সমাজের শিক্ষার মধ্য দিয়েই মানুষের চিন্তা ও আচরণ গড়ে ওঠে।

তিনি বলেন, পরিবারের সবাই মিলে মহানবী (সা.)-এর জীবন পড়া এবং তাঁর আদর্শ নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে। সন্তানদের মধ্যে এই শিক্ষা ছড়িয়ে দেওয়া গেলে তারা যে সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত হোক, মানুষের অধিকার হরণ কিংবা অন্যের জীবন ও সম্পদের ক্ষতি করবে না।

কওমি মাদরাসার পাঠ্যসূচিতে সিরাতের চর্চা নিয়েও কথা বলেন জয়নুল আবেদিন। তিনি বলেন, অতীতে কওমি মাদরাসার পাঠ্যসূচিতে সিরাতে ইবনে ইসহাকসহ সিরাতবিষয়ক গুরুত্বপূর্ণ বই পড়ানো হতো। তবে এসব বইয়ের অনেকগুলো এখন আর পাঠ্যসূচিতে নেই। অন্যদিকে জাতীয় শিক্ষাক্রমে ইসলাম শিক্ষা থাকলেও তা বাধ্যতামূলক নয় এবং এ বিষয়ে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে পড়ে না।

মহানবী (সা.)-এর জীবন শুধু মুসলমানদের জন্য নয়, অমুসলিমদের জন্যও শিক্ষণীয় উল্লেখ করে তিনি মদিনার অর্থনৈতিক ব্যবস্থার উদাহরণ দেন। তিনি বলেন, মদিনায় হিজরতের পর রাসুলুল্লাহ (সা.) সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনেও পরিবর্তন আনেন। সুদভিত্তিক লেনদেনের বিকল্প হিসেবে ব্যবসা ও অংশীদারত্বভিত্তিক ব্যবস্থার প্রসার ঘটান। বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও সাধারণ মানুষের ঝুঁকি মোকাবিলায়ও মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা মহানবী (সা.)-এর জীবনভিত্তিক প্রতিযোগিতার আয়োজনকে স্বাগত জানান এবং জাতীয় শিক্ষাক্রমে তাঁর জীবনী অন্তর্ভুক্তির দাবি পুনর্ব্যক্ত করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া ও পুরস্কারপ্রাপ্ত ৭৫ শিক্ষার্থীকে অভিনন্দন জানান তাঁরা।

এমএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর