প্রস্তাবিত সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৬ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। দ্রুত পরামর্শ গ্রহণের প্রক্রিয়া শেষ করে নতুন বিধিমালা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি-২ মিলনায়তনে প্রস্তাবিত পিপিআর, ২০২৬-এর ওপর আয়োজিত অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নতুন বিধিমালা চূড়ান্ত করার আগে সরকারি ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নেওয়া প্রয়োজন। এ জন্য যত দ্রুত সম্ভব পরামর্শ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে উদ্ভাবনী উদ্যোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনভাবে কাজ করার প্রবণতা নিরুৎসাহিত করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি সরকারি সংস্থায় একটি সুসংগঠিত পরিকল্পনা ইউনিট থাকা প্রয়োজন। এর মাধ্যমে দক্ষতার সঙ্গে যথাযথ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা সম্ভব হবে। বর্তমানে ত্রুটিপূর্ণ ডিপিপি দাখিলের বিষয়টি উদ্বেগের কারণ।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী।
প্রস্তাবিত বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরেন বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন উল ইসলাম। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিসহ ৮০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তাঁরা নতুন বিধিমালায় অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
আইএমইডি সচিব সিরাজুন নূর চৌধুরী বলেন, বর্তমান সরকার দক্ষ ও আধুনিক আইন প্রণয়নের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। যৌক্তিক কিছু কারণে সরকার পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ সংশোধন করছে। সরকারি ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার নৈতিকতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি ক্রয়ের নয়টি মূলনীতির মধ্যে টেকসই ক্রয় অন্যতম গুরুত্বপূর্ণ। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ক্রয় ব্যবস্থায় টেকসই চর্চা প্রতিষ্ঠায় কাজ করছে বিপিপিএ।
তিনি আরও বলেন, সরকারি ক্রয়ে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে নতুন, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী দরপত্রদাতা এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা ও অগ্রাধিকারমূলক বিধান অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বিধিমালাটি বিপিপিএর ওয়েবসাইটে প্রকাশ করে সাধারণ মানুষের মতামত আহ্বান করা হবে। প্রতিমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, বিধিমালা চূড়ান্ত করার আগে আরও কয়েকটি পরামর্শ সভার আয়োজন করা হবে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ পাস হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে।
এএইচ/এআর




