সরকারি চাকরির পাশাপাশি ৩২ বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষ, জমি লিজ, পানের বরজসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শাস্তি পেয়েছেন সাবেক নাটোর সদর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন (বর্তমান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কর্মরত রয়েছেন)।
অসদাচরণ, অভ্যাসগত ঋণগ্রস্ততা ও দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিরস্কারের পাশাপাশি আগামী তিন বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসি সচিবয়ালের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
কর্মকর্তারা জনান, সাবেক নাটোর সদর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন অনুমতি ছাড়াই নিজ গ্রামে ৩২ বিঘা জমির উপর পুকুর খনন করে মাছের চাষ, জমি লিজ, পানের বরজসহ বিভিন্ন ব্যবসার জড়িত ছিলেন।
এছাড়া ব্যাংকসহ সহকর্মীদের কাছে থেকে অভ্যাসগত কারণে ঋণও নিয়েছিলেন। এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার পরিপন্থি হওয়া তাকে শাস্তি দেওয়া হয়েছে।
কর্মকর্তারা আরও জানাম, এ ঘটনার পর পরই মো. আনোয়ার হোসেনকে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে জানা যায়, নাটোর সদর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া বিভিন্ন ব্যবসায় জড়িত থাকা, পরিচিতজনের কাছ থেকে ঋণ গ্রহণ, সেবাগ্রহীতাদের হয়রানি, অফিসের সহকর্মীদের দাফতরিক কাজের সুযোগ না দেওয়া এবং দাপ্তরিক কর্মপরিবেশ বিনষ্ট করার অভিযোগ ওঠে।
প্রজ্ঞাপনে বলা হয়, আনোয়ার হোসেন নিজ গ্রামের বাড়িতে ৩০ থেকে ৩২ বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষ করছেন। এ ছাড়া কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়াই নিজ গ্রামের বাদোপাড়ায় মৎস্য ব্যবসা, জমি লিজ ও পানের বরজসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। অফিসের নাম ব্যবহার করে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তিনি ব্যক্তিগত ব্যবসা সম্প্রসারণ করে আসছিলেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ব্যক্তিগত ব্যবসায় জড়িত থেকে তিনি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ১৭ নম্বর বিধি লঙ্ঘন করেছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীর সম্পদ বিবরণীতে তিনি স্যালারি লোন হিসেবে ৯ অক্টোবর ২০২৫ তারিখে প্রথমবার ৩ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। চলতি বছরের ১৩ মে একই ব্যাংক থেকে আগের ঋণ সমন্বয় করে দ্বিতীয়বার ৭ লাখ ৯০ হাজার টাকা ঋণ নেন। এ ছাড়া প্রাক্তন নির্বাচন কর্মকর্তা শফিউদ্দিন শেখের কাছ থেকে ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। কর্তৃপক্ষের মতে, তার এ ধরনের কর্মকাণ্ড অভ্যাসগত ঋণগ্রস্ততার শামিল, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ১৮ নম্বর বিধির লঙ্ঘন।
আরও পড়ুন: পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
তার বিরুদ্ধে আরও অভিযোগ, অফিসের কেনাকাটাসহ সব দাফতরিক কাজ তিনি একাই করতেন এবং সহকর্মীদের অন্য কাজের সুযোগ দিতেন না। এতে অফিসের সহকর্মীরা তার প্রতি বিরাগভাজন হন। বেশি সুযোগ-সুবিধা পাওয়ার আশায় তিনি অফিসের সব কার্যক্রম এককভাবে পরিচালনার চেষ্টা করতেন, যা সরকারি চাকরির শৃঙ্খলাপরিপন্থী ও শিষ্টাচারবহির্ভূত আচরণ বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন ২৬ আগস্ট ২০১৮ থেকে ৪ মে ২০২৬ পর্যন্ত হিসাব সহকারী হিসেবে নাটোর জেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন। পরে তাকে পাবনা জেলা নির্বাচন অফিসে বদলি করা হলে ৫ মে ২০২৬ তারিখে সেখানে যোগদান করেন। এরপর ১০ মে ২০২৬ তারিখে হিসাব সহকারী থেকে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি পান। পদোন্নতির পর ১২ মে ২০২৬ তারিখে পুনরায় নাটোর সদর উপজেলা নির্বাচন অফিসে পদায়িত হয়ে যোগদান করেন।
দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের কারণে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তার অতিরিক্ত সখ্যতা তৈরি হয়। এতে দাপ্তরিক কাজের পরিবর্তে ব্যক্তিগত ব্যবসায় বেশি মনোযোগী হয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা, দুর্নীতি ও অনিয়মের প্রবণতা, সেবাগ্রহীতাদের হয়রানি এবং কর্মদক্ষতার ঘাটতি দেখা দেয়। এতে দাপ্তরিক স্বাভাবিক কর্মপরিবেশও বিনষ্ট হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর ০২/২০২৬ দায়ের করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। পরে ২৯ অক্টোবর ২০২৬ তারিখে তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তিনি নিজের পক্ষে বক্তব্য দেন।
শুনানি শেষে অভিযোগ, প্রাথমিক তদন্ত প্রতিবেদন, অভিযুক্ত কর্মকর্তার লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানিতে দেওয়া বক্তব্য পর্যালোচনা করে কর্তৃপক্ষ দেখতে পায়, তিনি ২০১৮ সালে হিসাব সহকারী পদে যোগদানের পর প্রায় আট বছর নাটোর জেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন। পরে পাবনা জেলা নির্বাচন অফিসে বদলি হয়ে ৫ মে ২০২৬ তারিখে যোগদান করেন।
এর মাত্র পাঁচ দিন পর ১০ মে পদোন্নতি পান এবং ১২ মে পুনরায় নাটোর সদর উপজেলা নির্বাচন অফিসে যোগদান করেন। অর্থাৎ, আট বছর একই কর্মস্থলে চাকরির পর মাত্র সাত দিনের ব্যবধানে বদলি, পদোন্নতি এবং পুনরায় আগের কর্মস্থলে পদায়নের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অনভিপ্রেত বলে প্রতীয়মান হয়েছে।
বিভাগীয় মামলার জবাব ও ব্যক্তিগত শুনানি শেষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(২) বিধি অনুযায়ী লঘুদণ্ড দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে তাকে তিরস্কার এবং আগামী তিন বছরের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমএইচএইচ/এআরএম




