আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’
তিনি বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে দেশের তরুণ প্রজন্ম যথাযথ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য প্রয়োজন একটি কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা। বর্তমান সরকার সেই পরিবেশ তৈরিতে কাজ করছে।
বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হচ্ছে নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে বলে বিশ্বাস করেন তারেক রহমান।
এভিয়েশন ও অ্যারোস্পেসকে মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস এবং সুদূরপ্রসারী স্বপ্নের প্রতিফলন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এভিয়েশন আকাশপথে চলাচলের সুযোগ সৃষ্টি করে, আর অ্যারোস্পেস পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করে।
তিনি বলেন, বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
সরকারের বরাদ্দ উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থসংকটে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রতিনিধি/এসআই




