বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুই দিনে গ্রামীণ ব্যাংকের ১৬ শাখায় অগ্নিসংযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

দুই দিনে গ্রামীণ ব্যাংকের ১৬ শাখায় অগ্নিসংযোগ
দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন। কোলাজ ছবি

সারাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। সর্বশেষ গত ১৭ ও ১৮ নভেম্বর—এই দুই দিনে দেশের ১৬টি শাখা ও কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ নিয়ে গত ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নয় দিনে ব্যাংকটির মোট ৩৭টি শাখা ও কার্যালয় হামলার শিকার হয়েছে।

গ্রামীণ ব্যাংকের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তরা বিভিন্ন কৌশলে এসব হামলা ও নাশকতা চালিয়েছে। কোথাও পেট্রোল ঢেলে শাখার মূল ফটক ও দরজায় আগুন দেওয়া হয়েছে। আবার কোথাও বোতলে পেট্রোল ভরে বোমা তৈরি করে অফিসের দেয়াল ও দরজার সামনে নিক্ষেপ করা হয়েছে।

এ ছাড়া লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে তাতে কেরোসিন বা পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন দেওয়া এবং টায়ারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন শাখার সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র, কালেকশন শিট, সদস্যদের পাসবুক, আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত শাখা ও কার্যালয়গুলোর মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, পিরোজপুর, হবিগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের বিভিন্ন এলাকা। এর মধ্যে ১৭ ও ১৮ নভেম্বর সর্বোচ্চ ১৬টি স্থানে হামলার ঘটনা ঘটে।

তবে এসব ঘটনায় এখন পর্যন্ত ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী হতাহত হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেছেন। বেশ কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে মামলা ও জিডি দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

টিএই/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর