বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

লন্ডনে নাহিদের ওপর হামলা ও চলমান সহিংসতার নিন্দা সাবেক ১৪ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

লন্ডনে নাহিদের ওপর হামলা ও চলমান সহিংসতার নিন্দা সাবেক ১৪ উপদেষ্টার
লন্ডনে বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলামের ওপর হামলা

লন্ডনে জুলাই আন্দোলনের নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনে বিচারের দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৪ উপদেষ্টা। একই সঙ্গে বাংলাদেশে চলমান সহিংসতা ও অগ্নিসংযোগ বন্ধ এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

বুধবার (১৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান সাবেক উপদেষ্টারা। বিবৃতিতে লন্ডনের হামলা এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের দায়ী করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন ব্রিটিশ-বাংলাদেশি আহত হন। তাঁদের কয়েকজনকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়।

সাবেক উপদেষ্টারা এ হামলাকে সমন্বিত আন্তদেশীয় ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন। তাঁদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা, গুম ও বর্বরতার বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে, সেসব ঘটনার জন্য অনুশোচনা প্রকাশের পরিবর্তে ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচিত সরকার ও জুলাই অভ্যুত্থানের শক্তির অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছেন।

বিবৃতিতে দেশের অভ্যন্তরে সাম্প্রতিক সহিংসতার ঘটনাও তুলে ধরা হয়। এতে বলা হয়, গত কয়েক সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে ব্যাপক সহিংসতা চালিয়েছেন। বিভিন্ন থানায় অগ্নিসংযোগের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের নেতা নুসরাত তাবাসসুম এবং সরকারি দলের সংসদ সদস্য এস এম জিলানিসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সাধারণ মানুষের ওপর হামলা, বিভিন্ন স্থাপনায় বোমা হামলা ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ছাড়া নোবেলজয়ী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিন ডজনেরও বেশি শাখায় পরিকল্পিতভাবে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ আর্থসামাজিক প্রতিষ্ঠানটিকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে এসব হামলা চালানো হয়েছে।

দেশকে ভয়ের রাজনীতি থেকে মুক্ত রাখতে দেশে ও বিদেশে অবস্থানরত এসব সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান সাবেক উপদেষ্টারা।

এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ও দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে বিদেশে বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

লন্ডনে ১৬ নভেম্বরের হামলার বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা। হামলায় জড়িত ব্যক্তি ও ইন্ধনদাতাদের যুক্তরাজ্যের প্রচলিত আইন, বিশেষ করে সন্ত্রাসবিরোধী আইনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের ভূখণ্ড যেন পলাতক ব্যক্তিরা সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা ও পরিচালনার নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সি আর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফারুক-ই-আজম বীর প্রতীক, ফরিদা আখতার, শারমীন এস মুরশিদ, শেখ বশির উদ্দিন, আ ফ ম খালিদ হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, নূরজাহান বেগম এবং সৈয়দা রিজওয়ানা হাসান।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর