জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলাকালে কথা বলা ও উচ্চস্বরে আলোচনা করায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানকে নিজের আসনে বসার অনুরোধ জানান তিনি। পাশাপাশি অন্য সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল থেকে কথা বলার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রংপুরে বাইপাস সড়ক নির্মাণ নিয়ে রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিদেশে কর্মী পাঠানোর খরচ নিয়ে আগের একটি প্রশ্নের প্রসঙ্গে ফিরে যান তিনি। ওই সম্পূরক প্রশ্নটি করেছিলেন ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান।
প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় যেতে কর্মীদের মোট খরচ ২ লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি সরকার মোটামুটি নিশ্চিত করতে পেরেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মী পাঠানোর খরচও একই সীমার মধ্যে রাখার চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান দাঁড়িয়ে কথা বলার সুযোগ চান। এ সময় তাঁকে বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করতে চান বলে বলতে শোনা যায়।
এ সময় ডেপুটি স্পিকার তাঁকে বলেন, “মাননীয় সদস্য, মে আই জাস্ট হাম্বলি রিকোয়েস্ট ইউ এগেইন প্লিজ টেক ইউর সিট।” সংসদীয় রেওয়াজ অনুযায়ী, সম্পূরক প্রশ্ন করার জন্য সংসদ সদস্যরা হাত তুলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। তবে ফজলুর রহমান সম্পূরক প্রশ্ন করতে দুইবার দাঁড়ান।
ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরেন কায়সার কামাল। সামনের তৃতীয় সারিতে বসা কয়েকজন সংসদ সদস্যের উদ্দেশে তিনি বলেন, “তো সেই জায়গায় আমার ফ্রন্টের থার্ড রো-তে যারা আসছেন দুই-তিনজন বসছেন আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত আসছে। প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স অ্যান্ড ইউরসেলফ অ্যাজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ।”
এরপর ডেপুটি স্পিকার প্রশ্নোত্তর পর্বের তৃতীয় তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের জন্য ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে আহ্বান জানান।
সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, এ দিনের প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ ছিল।
এমএইচএইচ/এআর




