বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহ পুনরায় নির্মাণ হবে: প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহ পুনরায় নির্মাণ হবে: প্রশাসক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মহাখালী সাত তলা পরিদর্শনে ঢাকা উত্তর সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

মহাখালী ৭ তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনরায় গৃহনির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি, যেসব ভাড়াটিয়ারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে দুইমাসের ভাড়া না নেওয়ার জন্য ইতিমধ্যে বস্তির মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের আজকেই আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

‎বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মহাখালী সাত তলা পরিদর্শনে এসে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

প্রশাসক বলেন, ‘মহাখালী সাত তলা বস্তির আংশিক একটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, কী কারণে অগ্নিকাণ্ড হয়েছে তা এখনো আমরা বলতে পারিনি। অগ্নিকাণ্ড অন্য কোনো কারণে হয়েছে কিনা সে বিষয়ে আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। আমরা শিগগিরই তদন্ত করে অগ্নিকাণ্ডের মূল কারণ জানতে পারবো।’

তিনি বলেন, ‘আজকে অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি তিনি ঘটনাস্থলে দ্রুত ছুটে এসেছেন। তিনি এসে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে আর্থিক সহায়তার জন্য তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের জন্য আগামী তিনদিন খাবার,পানি ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।’

শফিকুল ইসলাম খান বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে প্রধানমন্ত্রীর নির্দেশে পুনরায় ঘর নির্মাণ করে দেওয়া হবে। এছাড়াও, আজকে বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় বাড়ির মালিকদেরকে আগামী দুই মাস ভাড়া না নেওয়ার জন্য বলা হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী এক বছর বাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাসা ছাড়তে কোনো রকম নির্দেশ দিতে পারবে না। এ বিষয়ে তাদের বলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তার নির্বাচনি এলাকায় তার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি তিনি সকল ক্ষয়ক্ষতি থেকে শুরু করে সবার আবাসন ব্যবস্থা দেখভাল করবেন।’

‎তিনি আরও বলেন, ‘আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে আর্থিক সহায়তা করা হবে। পুড়ে যাওয়া মালামাল দ্রুত সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় তাদের ঘর নির্মাণ করার কাজ শুরু হবে।’

প্রশাসক বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করেছি যে, যত দ্রুত সম্ভব তাদেরকে সহায়তা করা হবে। এছাড়াও, যেহেতু সরকার থেকে আমরা তাদের গৃহনির্মাণ করে দেবো। তাই বাড়ির মালিকদের বলে দিয়েছি আগামী দুই মাস তারা ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের বাসা ভাড়া নিতে পারবে না এবং আগামী এক বছর বাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদেরকে বাসা ছাড়ার কোনো নোটিশ দিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বস্তিগুলোতে অগ্নিকাণ্ডের পেছনে বৈদ্যুতিক সমস্যা থাকতে পারে। আমরা প্রতিটি বস্তিতেই দেখি বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনেক সময় কেউ বৈদ্যুতিক চুলায় রান্না বসিয়ে চলে যায়। দীর্ঘক্ষণ চুলা জ্বলে থাকার কারণে অগ্নিকাণ্ড হয়। এসব কারণগুলোতে আমরা বস্তিবাসীর জন্য ফায়ার সার্ভিস থেকে ট্রেনিং এর ব্যবস্থা করেছি। বস্তিতে থাকা প্রতিটি নাগরিককে সচেতনতায় ট্রেনিং দেওয়া হবে।’

‎একেএস/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর