বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পরিবেশকর্মী করিম উল্লাহর ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ, বাপার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

পরিবেশকর্মী করিম উল্লাহর ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ, বাপার নিন্দা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন। ছবি: সংগৃহীত

কক্সবাজারে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিমের ছেলে রোহানকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছে বাপা। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে রোহানকে অবিলম্বে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৮ নভেম্বর) বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, কক্সবাজার সমুদ্রসৈকতে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন এবং উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করে আসছিলেন করিম উল্লাহ কলিম। একই সঙ্গে কক্সবাজারের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা এবং ঐতিহ্যবাহী ঝাউবন ধ্বংস করে পর্যটন কার্যক্রম পরিচালনার বিরুদ্ধেও তিনি ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন।

সর্বশেষ পর্যটন কার্নিভালের নামে ঝাউবন ধ্বংসের প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আগের রাতে তার ছেলেকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাপা। সংগঠনটির মতে, এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় প্রতিবাদ করা কোনো অপরাধ নয়। বরং এটি প্রত্যেক সচেতন নাগরিকের সাংবিধানিক অধিকার ও নৈতিক দায়িত্ব। কক্সবাজারের সমুদ্রসৈকত, ঝাউবন, পাহাড়, বনভূমি ও জীববৈচিত্র্য দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। পর্যটন উন্নয়নের নামে এসব প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার অধিকার কারও নেই।

বাপা বলেছে, পরিবেশ সংরক্ষণ আইন ও উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। এ দায়িত্ব পালনের দাবি জানানো পরিবেশকর্মীদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা তারা প্রত্যাখ্যান করে।

প্রতিবাদলিপিতে ছয় দফা দাবি জানিয়ে বলা হয়, রোহানকে কোথায় এবং কী কারণে নিয়ে যাওয়া হয়েছে, তা অবিলম্বে তার পরিবারকে জানাতে হবে। দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তার নিরাপত্তা ও আইনানুগ অধিকার নিশ্চিত করতে হবে। তার ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন, ভয়ভীতি কিংবা হয়রানি করা যাবে না।

এ ছাড়া ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে।

পর্যটন কার্নিভালসহ ঝাউবন ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংস করে এমন অপরিকল্পিত কর্মকাণ্ড বন্ধ এবং করিম উল্লাহ কলিমসহ দেশের সব পরিবেশ আন্দোলনের নেতাকর্মীর নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করার দাবিও জানিয়েছে বাপা।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, পরিবেশ রক্ষার আন্দোলনকে ভয়ভীতি, হয়রানি কিংবা পরিবারের সদস্যদের বিপদের মুখে ঠেলে দিয়ে দমন করা যাবে না। কক্সবাজারের প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলন জনস্বার্থ, পরিবেশগত ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত।

এএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর