বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিনামূল্যের চিকিৎসা পরামর্শ বন্ধ, ১৬২৬৩ চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

বিনামূল্যের চিকিৎসা পরামর্শ বন্ধ, ১৬২৬৩ চালুর দাবিতে মানববন্ধন
জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাজের প্রতিনিধিদের মানববন্ধন

প্রায় তিন কোটি ফোনকলের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, প্রশাসনিক জটিলতা, চুক্তির মেয়াদ শেষ হওয়া ও অর্থ পরিশোধসংক্রান্ত সমস্যার কারণে গত ১২ নভেম্বর জনস্বার্থে পরিচালিত গুরুত্বপূর্ণ এ সেবা বন্ধ হয়ে যায়। অবিলম্বে ১৬২৬৩ চালু করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার পাশাপাশি এটিকে আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রূপান্তরের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সারাদেশের স্বাস্থ্যব্যবস্থায় নাজুক পরিস্থিতি বিরাজ করছে। চিকিৎসার অভাবে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে অনলাইনে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া একধরনের মানবাধিকার লঙ্ঘন।

তিনি বলেন, চিকিৎসাসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সরকার যখন কোটি কোটি টাকা ব্যয়ে বিমান কিনতে পারে, তখন সাধারণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পারবে না কেন? অবিলম্বে ১৬২৬৩ চালুর দাবি জানান তিনি।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। অথচ প্রায় তিন কোটি মানুষকে সেবা দেওয়া একটি গুরুত্বপূর্ণ হটলাইন বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সরকারপ্রধানের প্রতি দ্রুত এ সেবা পুনরায় চালুর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় চিকিৎসাসেবা না পাওয়ার কারণে প্রায় এক হাজার ১৭৭টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এ বাস্তবতায় বিনামূল্যে অনলাইনে চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থা আরও জরুরি হয়ে পড়েছে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অধিকার প্রতিষ্ঠার দাবিতে এখানে দাঁড়িয়েছেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র পরিবার, নারী, শিশু ও বয়স্কদের জন্য স্বাস্থ্য বাতায়ন আশীর্বাদ হয়ে উঠেছিল।

তিনি বলেন, ২০১৫ সালে চালু হওয়া এ সেবা প্রায় ১১ বছর ধরে লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রায় তিন কোটি ফোনকলের উত্তর দিয়ে সেবাটি মানুষের আস্থা অর্জন করেছিল। বিশেষ করে করোনাকালে হাসপাতালমুখী হতে ভয় পাওয়া মানুষের জন্য এটি ছিল অন্যতম ভরসার জায়গা।

মহিউদ্দিন আহমেদ বলেন, চুক্তির মেয়াদ, অর্থ পরিশোধ ও প্রশাসনিক জটিলতার কারণে সেবাটি বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সরকারি জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় অর্থ বরাদ্দ ও চুক্তি ব্যবস্থাপনার দায়িত্ব যাদের, তাদের ব্যর্থতা বা সমন্বয়হীনতার দায় সাধারণ মানুষ কেন নেবে? জনগণের স্বাস্থ্যসেবা কোনো বাণিজ্যিক চুক্তির কাছে জিম্মি থাকতে পারে না।

তিনি বলেন, শুধু আগের মতো একটি কল সেন্টার চালু রাখাই যথেষ্ট নয়। আধুনিক টেলিমেডিসিন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য তথ্য, ভিডিও পরামর্শ, ডিজিটাল ব্যবস্থায় ব্যবস্থাপত্র এবং হাসপাতাল রেফারেল ব্যবস্থার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জাতীয় ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬২৬৩ পুনরায় চালুর উদ্যোগের খবরকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, সাময়িকভাবে চালুর ঘোষণা যথেষ্ট নয়। এ সেবার স্থায়িত্ব, অর্থায়ন, জবাবদিহি ও মান নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে সংগঠনটির পক্ষ থেকে নয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ পূর্ণাঙ্গভাবে চালু ও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা, জাতীয় বাজেটে স্থায়ী বরাদ্দ রাখা, বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে চুক্তির স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করা এবং চিকিৎসকের সংখ্যা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো।

এ ছাড়া অ্যাপ, ওয়েবসাইট, ভিডিও কল ও খুদে বার্তার মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থা, জরুরি রোগী শনাক্তকরণ, অ্যাম্বুলেন্স ও রক্তের তথ্য এবং নিকটবর্তী হাসপাতালের সঙ্গে কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়। পাশাপাশি রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা এবং সেবার মান ও ব্যয়ের হিসাব নিয়মিত প্রকাশের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন প্রকৌশলী হাবিব ভূঁইয়া, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সদস্য শফিকুল ইসলাম, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, আশরাফ ভূঁইয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ক্যাবের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য কাজী আমান উল্লাহ মাহফুজসহ রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। প্রশাসনিক জটিলতা কিংবা অর্থ বরাদ্দের সমস্যায় যেন আর কোনো জনসেবামূলক কার্যক্রম বন্ধ না হয়, সে বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর