রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে পল্লবী ও মহাখালীতে আরও দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, রাজধানীর মিরপুরে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মিরপুর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাব্বির আহমেদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন বাবন এবং লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হবে।
অন্যদিকে, বাড্ডায় বাসে আগুনের বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনাতেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এসকেএস/জেবি




