বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সোসাইটির জাতীয় সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।
এসময় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জাতীয় সদর দফতর।
সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের উদ্যোগে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশাকে সামনে রেখে প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন, ট্রেজারার পদে চারজন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। বুধবার (১৮ নভেম্বর) মনোনয়ন দাখিল করতে পারবেন প্রার্থীরা।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশ নং ২৬, ১৯৭৩ এবং সোসাইটির সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে ২০২৬–২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সোসাইটির নির্বাচনি কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী এগিয়ে চলছে।
বিইউ/এএইচ




