মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

৩ বছরে শেষ হবে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প, উপকমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

৩ বছরে শেষ হবে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প, উপকমিটি গঠন
জাতীয় সংসদ ভবনে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা

সংসদীয় কার্যক্রমকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নেওয়া ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কমিটি। প্রকল্পের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরির জন্য তিন সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় শুরুতে উপস্থিত সদস্যদের স্বাগত জানান সভাপতি। পরে আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের সমন্বয়, নির্ধারিত কাজের যথাযথ বাস্তবায়ন এবং সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রস্তাবনা, সম্ভাব্যতা সমীক্ষা এবং কমিটির পর্যবেক্ষণের ভিত্তিতে সাউন্ড সিস্টেম প্রকল্পের দরপত্রে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়। দরপত্রে মনিটরের আকার ১০ থেকে ১৪ ইঞ্চির মধ্যে উল্লেখ থাকলেও তা পরিবর্তন করে ন্যূনতম ১৪ ইঞ্চি নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এছাড়া ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়। একইসঙ্গে আগামী তিন বছরের মধ্যে প্রকল্পের আওতাধীন সব কার্যক্রম সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রকল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মানদণ্ড নিশ্চিত করতে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যান প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে তিন সদস্যের উপকমিটিকে। 

কমিটির সদস্যরা হলেন- লুৎফুল্লাহেল মাজেদ, মোহাম্মদ নাজিবুর রহমান ও আন্না মিন্জ। প্রকল্পের সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন মূল কমিটির কাছে জমা দেবে এই উপকমিটি।

সভায় কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মীর আহমাদ বিন কাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ অংশ নেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর