মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিজ বাসের ধাক্কায় ছিটকে পড়ে মারা গেলেন সুপারভাইজার

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

নিজ বাসের ধাক্কায় ছিটকে পড়ে মারা গেলেন সুপারভাইজার
নিহত ফসিয়ার রহমান হাসান

রাজধানীর উত্তরায় ‘পিপিবি পরিবহনে’র একটি বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তিনি বাসটির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উত্তরার জসিমউদ্দীন রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফসিয়ার রহমান হাসান মাগুরা জেলার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাসপাতালে নিহতের ছেলে অনিক জানান, তার বাবা পিপিবি পরিবহনের একটি বাসের সুপারভাইজার ছিলেন। বাসটি ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করত। দুর্ঘটনার সময় তার বাবা বাস থেকে নেমে সামনে এগিয়ে যান এবং বাসটি থামানোর জন্য চালককে সংকেত দেন। 

এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তার বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর