যাত্রা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে অশ্লীলতা, জুয়া কিংবা মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, সুস্থ ও শালীনভাবে এসব আয়োজন পরিচালনা করতে হবে। অবৈধ কর্মকাণ্ডের সুযোগ দিয়ে যাত্রা-সার্কাস চালানোর কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির মতো আয়োজনের অভিযোগ এবং এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, যাত্রা ও সার্কাসকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সরকারকে দুটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এর একটি হলো, এসব আয়োজনের সঙ্গে একধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে। অন্যদিকে, এর সঙ্গে জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড যুক্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের আইনে জুয়া নিষিদ্ধ। অনলাইনসহ কোথাও জুয়া খেললেও সেটি অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড। তাই যাত্রা ও সার্কাসের সঙ্গে এ ধরনের বিষয় যুক্ত হলে তরুণদের আরও বিপথে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, যাত্রা ও সার্কাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সরকার একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানানো হয়েছে, সুস্থ ও শালীনভাবে যাত্রা-সার্কাস পরিচালনা করা গেলেই কেবল এসব আয়োজন চলবে। অশ্লীলতা ও অবৈধ কর্মকাণ্ড বাদ দিয়ে এসব আয়োজন করে লাভ করা সম্ভব কি না, সে বিষয়েও তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এসব অনৈতিক কর্মকাণ্ড ছাড়াও যাত্রা-সার্কাস পরিচালনা করে লাভ করা সম্ভব।
জাহেদ উর রহমান আরও বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো যাত্রা বা সার্কাসের আয়োজনে নির্দেশনা লঙ্ঘন করে অশ্লীলতা, মাদক কিংবা জুয়ার মতো অবৈধ কর্মকাণ্ড পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর বিবেচনা করা হবে না। প্রয়োজনে তাদের নিষিদ্ধ করা হবে।
তৌহিদী জনতার নামে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের বিরুদ্ধে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত তৌহিদী জনতা এ ধরনের হাঙ্গামা বা বাধা সৃষ্টির কাজে জড়িত হতে পারে না। কারও কোনো বক্তব্য বা আপত্তি থাকতে পারে। তবে যেসব ক্ষেত্রে অন্যায় কিছু ঘটছে না এবং সরকারও যেগুলোকে অন্যায় মনে করছে না, সেসব আয়োজন বন্ধ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, যাত্রা ও সার্কাস বাংলাদেশের সংস্কৃতির অংশ। তাই এসব আয়োজন চালু রাখতে সরকার নিশ্চিতভাবেই উদ্যোগ নেবে। যারা বিভিন্ন নাম ব্যবহার করে এসব আয়োজনে বাধা দিতে আসবে, সরকার তাদের প্রতিহত করবে।
তৌহিদী জনতার পরিচয় ব্যবহার করে যারা এসব আয়োজনে বাধা দিচ্ছেন, তাদের সঙ্গেও সম্পৃক্ত হওয়ার এবং আলোচনা করার চেষ্টা করবে সরকার বলে জানান তিনি।
সুস্থ ধারার যাত্রা ও সার্কাসের আয়োজন অব্যাহত রাখতে সরকার কাজ করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।
এএইচ/এআরএম




