ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং নকল-ভেজাল খাদ্যপণ্য প্রতিরোধে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ঢাকা মহানগরসহ দেশের ৩৯টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৫২টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে সঠিকতা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল-ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনসহ বিভিন্ন বিষয়ে তদারকি করা হয়।
নারায়ণগঞ্জের শহীদনগর ও কুতুবপুর এলাকায় শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্টে অনুমোদনহীন পণ্য উৎপাদন, ভুয়া সনদ ও হালাল লোগো ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণের অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি বেকারিতে অবৈধ রঙের ব্যবহার, পণ্যের লেবেলে ঘি ও বাটারের উল্লেখ থাকলেও বাস্তবে তা ব্যবহার না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের পরামর্শ দিয়েছে। কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।
বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
এমআর/এআর




