ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে একইসঙ্গে দুটি পদে বিজয়ী হয়েছেন প্রকৌশলী শারমিন খান ঊর্মি।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সদস্য পদে ৩২৬ ভোট পেয়ে তিনি প্রথম হয়েছেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সদস্য পদে ৩১৯ ভোট পেয়ে হয়েছেন সপ্তম।
জয়ের পর শারমিন খান ঊর্মি বলেন, ‘আপনাদের বিপুল ভালোবাসা, আস্থা, দোয়া ও সমর্থনে দুটি পদেই বিজয়ী হয়েছি।’
তিনি আরও বলেন, ‘একই নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে অনেক বড় দায়িত্বের।’
এই বিজয়কে তিনি ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না। তার ভাষায়, ‘এই বিজয়কে আমি ব্যক্তিগত অর্জনের চেয়ে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই দেখি। আপনাদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব।’
নির্বাচিত হওয়ার পর প্রকৌশলীদের অধিকার, সমান সুযোগ, পেশাগত মর্যাদা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, নারী প্রকৌশলীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন, গবেষণা ও উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষা অঙ্গনের সম্পর্ক বাড়ানোর কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান ঊর্মি। নির্বাচনের পরও সব প্রকৌশলীকে সঙ্গে নিয়ে এগোনোর আহ্বান জানান তিনি।
আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের এই নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ১৫ নভেম্বর। ১৯৪৮ সালে নিবন্ধিত আইইবি দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠনগুলোর একটি।
প্রসঙ্গত, আইইবি নির্বাচনে দুই পদে জয় পাওয়া শারমিন খান ঊর্মি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং সামুরাই গিক্স ও লার্নিয়াম একাডেমির প্রতিষ্ঠাতা।
এএইচ



