সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে চিকিৎসক-নার্স নিতে আহ্বান রাষ্ট্রপতির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে চিকিৎসক-নার্স নিতে আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। তাঁরা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

এ সময় অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গভবনে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।

সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক (Dr. Robert Zischg)। এরপর গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ (Mr. Dharamkumar Seeraj) এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি (Mr. Jagnnath Sami) পরিচয়পত্র পেশ করেন।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

image

এ সময় রাষ্ট্রদূত বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদানে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এ ছাড়া গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।

ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তাঁরা।

রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর