পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল।
দুই বছর মেয়াদি এ কমিটিতে প্রকৌশলী খান মনজুর মোর্শেদ প্রেসিডেন্ট এবং প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান পদে প্রকৌশলী ড. মনিরুল ইসলাম এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ নির্বাচন অনুষ্ঠান শেষে রোববার (১৫ নভেম্বর) চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
আইইবির নির্বাচনি ইতিহাসে এই প্রথম নিজস্ব প্যানেল নিয়ে এককভাবে অংশ নিয়ে এ সাফল্য পেল সংগঠনটি। এ্যাব এটিকে তাদের সাংগঠনিক অগ্রযাত্রার ঐতিহাসিক মাইলফলক বলে মনে করছে।
বিবৃতিতে জানানো হয়, সারাদেশের ১৮টি কেন্দ্র ও প্রায় ৩০টি উপকেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৪৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার ভোটার উপস্থিতি ছিল বেশি। বিশেষ করে ঢাকাকেন্দ্রে বিপুলসংখ্যক প্রকৌশলীর উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। তবে ভোটারের চাপে দীর্ঘ সারি ও ভিড়ের কারণে কিছু প্রকৌশলী সাময়িক অসুবিধায় পড়েছেন। এ জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এ্যাব।
বিইউ/এএস




