রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

আমির হামজাকে নিয়ে মন্তব্যে সংসদে আপত্তি, স্পিকারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

আমির হামজাকে নিয়ে মন্তব্যে সংসদে আপত্তি, স্পিকারের সতর্কবার্তা
সংসদে আমির হামজা। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সদস্যের টিপ্পনী ও মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সংসদ সদস্যদের সম্মান ও মর্যাদা রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করে এ বিষয়ে রুলিং দেওয়ার অনুরোধ জানান তিনি। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ থেকে বিরত থাকতে সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর স্পিকার এ আহ্বান জানান।

এর আগে মাগরিবের বিরতির আগে সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত ৫৪৩ নম্বর প্রশ্ন উত্থাপন করেন জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। ডেপুটি স্পিকার তাঁর নাম ঘোষণার পর সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যকে হইচই করতে দেখা যায়। মাইক ছাড়াই কয়েকজন মন্তব্য করেন। পরে আমির হামজার প্রশ্নের উত্তর দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর তিনি আরেকটি সম্পূরক প্রশ্ন করেন।

মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় শাহজাহান চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের জবাব দেন তিনি।

স্পিকারকে উদ্দেশ করে শাহজাহান চৌধুরী বলেন, আপনি এই সংসদের ৩৫০ জন সদস্যের অভিভাবক। সংসদ সদস্যদের সবার সম্মান রক্ষার বিষয়টি আপনাকেই সবচেয়ে বেশি দেখতে হবে এবং অভিভাবক হিসেবে নির্দেশনা দিতে হবে।

তিনি বলেন, একজন সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওয়ায়েজিন আমির হামজার নাম উল্লেখ করে প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে মন্তব্য করেছেন এবং সংসদে যেভাবে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।

শাহজাহান চৌধুরী আরও বলেন, স্পিকার এ পর্যন্ত সরকারি দল ও বিরোধী দল—উভয় পক্ষের সদস্যদের সম্মান সমানভাবে রক্ষা করেছেন। একজন সংসদ সদস্যের নাম উল্লেখ করে যেভাবে মন্তব্য করা হয়েছে, বিষয়টি তাঁর দৃষ্টিতে আনতে চান তিনি। সংসদের অভিভাবক হিসেবে এ বিষয়ে স্পিকারের একটি রুলিং প্রত্যাশা করেন তিনি।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের ওপর জনগণের অনেক আস্থা রয়েছে। ১৫ বছর দুঃসময় অতিক্রম করার পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে।

স্পিকার বলেন, বাইরে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেই তিনি বলেন, তাঁর দেখা সাতটি সংসদের মধ্যে বর্তমান সংসদটি সবচেয়ে সুন্দরভাবে গঠিত হয়েছে এবং এতে যোগ্য ব্যক্তিরা রয়েছেন। এই সংসদে অনেক জ্ঞানী-গুণী ও শিক্ষিত ব্যক্তি আছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়াই এই সংসদের সবচেয়ে বড় মাহাত্ম্য।

তিনি বলেন, আগের ১৫ বছর ছিল অন্ধকার সময়। উভয় পক্ষের অনেক সংসদ সদস্য বিনা বিচারে কারাগারে সময় কাটিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরীণ ছিলেন। তিনি বিচার, খাবার ও চিকিৎসা পাননি। অনেক দুঃসময় অতিক্রম করে বর্তমান সংসদ পাওয়া গেছে।

স্পিকার বলেন, জনগণের অনেক আশা-ভরসা এখন সংসদ সদস্যদের ওপর। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো তাঁদের দায়িত্ব। অতীতের যেকোনো সময়ের তুলনায় সাধারণ মানুষ এখন সংসদের কার্যক্রম বেশি দেখছেন। সংসদ সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই তাঁরা এই সংসদ সম্পর্কে ধারণা তৈরি করবেন।

অতীতের রাজনীতির সমালোচনা করে স্পিকার বলেন, আগে সংসদে তুমুল গালাগালি ও অশ্রাব্য কথাবার্তা হতো। এমনকি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে পেছন থেকে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা হয়েছে। তাঁরা এসব পরিস্থিতি পেছনে ফেলে যেতে চান।

স্পিকার বলেন, এমন একটি সংসদ গড়ে তুলতে চান, যার ওপর জনগণ নির্ভর করতে পারে। এ জন্য সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র—সব সংসদ সদস্যেরই দায়িত্ব রয়েছে।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাঁদের কেউ তাঁর চেয়ে কম বোঝেন না, বরং বেশি বোঝেন। তাই সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার অনুরোধ জানান তিনি।

স্পিকার আরও বলেন, কোনো সদস্য দাঁড়িয়ে কথা বলার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। অন্য সদস্যদের উত্তর দেওয়ার প্রয়োজন হলে সেই সুযোগও দেওয়া হবে।

সবশেষে সংসদ সদস্যদের আরও বেশি পরমতসহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, অন্যের বক্তব্য ধৈর্য ধরে শুনতে হবে। বাক্‌স্বাধীনতা নিয়ে সবাই গর্ব করেন। তবে কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ কেউ করবেন না বলে তিনি আশা করেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর