রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

আগামীতে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, ডিআরইউকে সিড ফান্ডিংয়ের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

আগামীতে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, ডিআরইউকে সিড ফান্ডিংয়ের আশ্বাস
ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সিড ফান্ডিংয়ের আওতায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সিড ফান্ডিংয়ের আওতায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আমিনুল হক বলেন, ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলাম আমি। আশা করেছিলাম, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমাদের অপেক্ষা দীর্ঘ হলো। আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত শিরোপা জিতবে।

পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পরও বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। পুরো টুর্নামেন্টে দর্শকদের সমর্থন এবং ফুটবলের প্রতি মানুষের আগ্রহকেও ইতিবাচক হিসেবে দেখেন প্রতিমন্ত্রী।

এ সময় ডিআরইউকে সিড মানির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে পুনরায় আশ্বাস দেন আমিনুল হক। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ডিআরইউর ক্রীড়া দল দেশের ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

এদিকে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬ এর শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। রোববারের ফাইনালে চ্যানেল ২৪ দলকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে চ্যানেল ২৪। দলের হয়ে সজীব ১৬ এবং রেদওয়ান শুয়েব ৯ রান করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিরাজুল মুস্তাহেদিন নেন সর্বোচ্চ দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে জয় নিশ্চিত করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাজহারুল ইসলাম। আর পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের সিরাজুল মুস্তাহেদিন।

এর আগে দিনের দুটি সেমিফাইনালে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ বাংলাদেশ প্রতিদিনকে ১৩ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন।

খেলা ও অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দফতর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।


এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর