মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য ও গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার তাঁকে জেরার জন্য আদালতে নেওয়ার সময় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তাঁরা তাঁকে প্রটোকল দিচ্ছেন।
লুনা বলেন, এ ধরনের অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে তিনি অস্বীকৃতি জানালেও তাঁকে হাতকড়া পরানো হয়নি। বিষয়টি তাঁকে মর্মাহত করেছে। তাঁর মতো আরও অনেক পরিবার এ ঘটনায় উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার তাঁকে বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি নিয়ন্ত্রণ করতে পারছে না—এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।
এ সময় স্পিকার বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন অথবা নোটিশ দিতে পারেন।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তাঁর নজরেও এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারভুক্ত নয়। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাঁকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন ও গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত, পঙ্গু কিংবা চোখ, হাতসহ বিভিন্ন অঙ্গ হারানো ব্যক্তিদের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। সংসদে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আইনমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে দল পাঠানো হবে।
এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত কর্মকর্তারা জেলায় জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তথ্য দিয়ে তাঁদের সহযোগিতা করতে হবে।
এমএইচএইচ/এআর




