রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমানা মেনে চলার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানটি ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।

আবদুস সালাম বলেন, ধানমন্ডি মূলত একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানকে নিজস্ব নির্ধারিত সীমানার মধ্যেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করে হকার কিংবা অন্য কাউকে বসানোর সুযোগ দেওয়া যাবে না।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, জরিপে রাজধানীর যেসব এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ধানমন্ডি তার মধ্যে অন্যতম। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা যাবে না। ককটেল বিস্ফোরণ কিংবা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকতে হবে। জনগণের সমর্থন অর্জন করতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাবিষয়ক কর্মসূচি গ্রহণ করলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতাও কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর