রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে পদায়ন করেছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাঁকে কমিশনের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।

তবে এ নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। তাঁর অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুযোগ-সুবিধা স্থগিত থাকবে। পাশাপাশি অন্য কোনো পেশা বা ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এদিকে পৃথক আদেশে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন এমদাদ উল বারী।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর