শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক
বক্তব্য দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে না তোলা পর্যন্ত সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সিটি করপোরেশনের কার্যক্রমকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিদিন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বেইলি রোডকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বেইলি রোডের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ সড়ক হিসেবে ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি নিয়মিত পরিষ্কার রাখা হবে এবং কোথাও ময়লা-আবর্জনা জমতে দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আবদুস সালাম বলেন, বেইলি রোডের বাসিন্দাদের সম্পৃক্ত করে পৃথক একটি কর্মসূচি পালন করা হবে। এ সময় এলাকায় বৃক্ষরোপণ এবং ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ঢাকা শহর পরিচ্ছন্ন না রাখলে মশার উপদ্রব ও ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করাও কঠিন হবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য রাজধানীকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও দূষণমুক্ত রাখা জরুরি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার রাখতে হবে। দোকান বা প্রতিষ্ঠান পরিষ্কার করার পর সেই ময়লা সড়কে ফেলা যাবে না। নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতন নাগরিক ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড ও এলাকার বাসিন্দাদের এ কর্মসূচিতে অংশ নিতে হবে। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না, কিংবা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা যথাযথভাবে আবর্জনা অপসারণ করছেন কি না, সেদিকে নজর রাখতে হবে। কোনো এলাকায় মশার উপদ্রব দেখা দিলে সেখানে মশার ওষুধ ছিটানো হচ্ছে কি না, তা-ও সিটি করপোরেশনকে জানাতে হবে। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আবদুস সালাম বলেন, আমরা বিশ্বাস করি, একদিন ঢাকা একটি সুন্দর ও শান্তির নগরীতে পরিণত হবে। উন্নয়নের মডেল হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বাংলাদেশের রাজধানী হিসেবে বিশ্বে একটি সুন্দর নগরীর পরিচিতি পাবে।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এদিকে, ক্লিনিং ডে উপলক্ষে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এসব এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়।

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর