শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

এসওয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

এসওয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে এসওয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল দ্লামিনির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের ‘ব্লু জোনে’ অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে এসওয়াতিনির পর্যটন ও পরিবেশবিষয়ক মন্ত্রী জেন মখোন্তা-সিমেলানে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, অভিযোজন লক্ষ্যমাত্রা এবং ন্যায্য রূপান্তরসহ (জাস্ট ট্রানজিশন) বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকারগুলো তুলে ধরেন। পাশাপাশি তিনি ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রার কথা জানান।

বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এসওয়াতিনির প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার অভিন্ন। এ সময় আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ থেকে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠেয় পরবর্তী জলবায়ু সম্মেলন কপ-৩২ (আদ্দিস আবাবা) পর্যন্ত পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন তৈরির বিষয়ে তারা মতবিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ খ্যাত পাটের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটকে প্লাস্টিকের একটি নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরেন, যা জলবায়ু সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করায় এসওয়াতিনির প্রশংসা করে তিনি প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে পাট ও পাটজাত পণ্য ব্যবহারের পরামর্শ দেন। পাটের বহুমুখী ব্যবহার ও সৌন্দর্য দেখতে তিনি এসওয়াতিনির প্রধানমন্ত্রীকে কপ-৩১-এর ‘গ্রিন জোনে’ অবস্থিত বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান। এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই ও বৃত্তাকার (সার্কুলারিটি) উদ্যোগের কথা উল্লেখ করে দেশটিকে বাংলাদেশ থেকে আরও বেশি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পোশাক আমদানির আহ্বান জানান।

বৈঠকে স্বাস্থ্যখাতে সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। এসওয়াতিনির প্রধানমন্ত্রী তার দেশের স্বাস্থ্যখাতের চাহিদার কথা জানালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতার কথা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সাশ্রয়ী ও মানসম্মত ওষুধ রপ্তানি করছে এবং এসওয়াতিনির স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে বাংলাদেশ সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

কমনওয়েলথের সদস্য ও ‘গ্লোবাল সাউথ’-এর অংশীদার হিসেবে উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেন এবং জনগণের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারে একমত হন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে এসওয়াতিনির জোরালো ও অব্যাহত সমর্থন কামনা করেন।

বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসওয়াতিনির প্রধানমন্ত্রীকে পাটের তৈরি একটি দৃষ্টিনন্দন জ্যাকেট উপহার দেন। উপহারটি পেয়ে এসওয়াতিনির প্রধানমন্ত্রী অত্যন্ত মুগ্ধ হন এবং পাট ও পাটজাত পণ্যের প্রসারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর