শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

সারের ভেজাল নিয়ে ‘অপপ্রচার’, সতর্ক করল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

সারের ভেজাল নিয়ে ‘অপপ্রচার’, সতর্ক করল মন্ত্রণালয়

সারের ভেজাল ও নকল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করেছে কৃষি মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় বলছে, ভিডিওতে যে ভেজাল সার জব্দের ঘটনা দেখানো হয়েছে, সেটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঘটেছিল। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ডিলারের জরিমানা, সার জব্দ ও ধ্বংসের পাশাপাশি ডিলারশিপ বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি গত ২৭ আগস্ট মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারের সার ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে ভেজাল সার জব্দের ঘটনার। ওই ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে ওই দিন মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের দাবি, আগস্টে আইনগতভাবে নিষ্পত্তি হওয়া একটি ঘটনা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত। ওই ভিডিও ও পোস্টে 'সরকার ভেজাল সার সরবরাহ করছে' বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা অসত্য।

মন্ত্রণালয় এ ধরনের প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান যাচাই করা হয়। সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে নজরদারি ও তদারকি করা হয়।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর