সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ও এমডির পদত্যাগসহ ২ দফা দাবিতে জানিয়েছেন এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু হুট করে প্রকল্প ফেইজ-আউটসহ নানা কারণে আজ প্রায় ১৫০০ কর্মীর ভবিষ্যৎ ও তাদের পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছে। এই আন্দোলন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, বরং কর্মীদের ন্যায্য অধিকার ও বাঁচবার অধিকার আদায়ের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, এসডিএফের আরইএলআই প্রকল্পের প্রায় ১,১৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তা, স্থায়ী জনবল কাঠামো গঠন ও নতুন প্রকল্পে অভিজ্ঞ জনবলকে অগ্রাধিকার দেওয়ার দাবি। প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা রক্ষা, সরকারি বিনিয়োগের সুরক্ষা এবং হাজারো পরিবারের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা।
তারা জানান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাংলাদেশের গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসডিএফ দেশের গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
জানা গেছে, বর্তমানে আরইএলআই প্রকল্পে প্রায় ১,১৬৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের অনেকেই দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে এসডিএফের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কার্যক্রমে নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু প্রকল্পের অর্থায়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় এসব কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিরাপত্তা এবং তাদের পরিবারের আর্থিক ও সামাজিক ভবিষ্যৎ গভীর উদ্বেগের মুখে পড়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়া মানেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের কর্মজীবনের সমাপ্তি হতে পারে না। তাদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও মাঠপর্যায়ের কর্মসম্পাদন এসডিএফের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সম্পদ। এসডিএফের কমিউনিটি ড্রাইভেন ডেভেলপমেন্ট (সিডিডি) অ্যাপ্রোচের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি সংগঠন, গ্রামীণ অবকাঠামো, সঞ্চয় কার্যক্রম, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের যে ভিত্তি তৈরি হয়েছে, তা রক্ষা করা অত্যন্ত জরুরি। এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যমান দক্ষ ও অভিজ্ঞ জনবলকে যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন।
তারা জানান, আরইএলআই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের প্রেক্ষাপটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। যদিও সরকারি অর্থায়নে ২৯ মে ২০২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত ছয় মাসের জন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, তথাপি দীর্ঘমেয়াদি সমাধান এখনো প্রয়োজন।
এসডিএফের কর্মকর্তা-কর্মচারীদের ২ দাবি
১. অবিলম্বে আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর পূর্বে চাকরির মেয়াদ বৃদ্ধিসহ নতুন প্রকল্পে বর্তমানে কর্মরত, ফেইজ আউট, ফিশারিজ স্টাফদের চাকরী নিশ্চিত করতে হবে।
২. দুর্নীতিবাজ ও গত সরকারে সুবিধাভোগী চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও এমডি নুরুল আমীন এর পদত্যাগ করতে হবে।
এসএইচ/এআরএম




