বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার সেই সার্ভেয়ার কারাগারে

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার সেই সার্ভেয়ার কারাগারে
গ্রেফতার সার্ভেয়ার মো. আসাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুই দিনের রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হাফিজুর রহমান।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেন।

গত ৯ নভেম্বর তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে দুদক। পরে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি পৃথক করা এবং নকশা তৈরির কাজ করে দেওয়ার বিনিময়ে অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলামের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন সার্ভেয়ার আসাদুল ইসলাম।

মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। জমির সীমানা নির্ধারণ ও নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল তিনি ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তবে প্রায় ছয় মাসেও কাজ শেষ না হওয়ায় তিনি একাধিকবার লালবাগ রাজস্ব সার্কেলে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁকে সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরে ঘুষ দাবির বিষয়টি দুদককে জানান মনিরুল। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল ফাঁদ অভিযানের পরিকল্পনা করে।

দুদকের অভিযোগ অনুযায়ী, গত ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে এক লাখ টাকা ঘুষ দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল সেই টাকা তাঁর ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দুদকের ফাঁদ দলের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।

পরে ওই টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে অভিযোগকারীর আগে সরবরাহ করা টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসাদুল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন বলেও দুদকের আবেদনে উল্লেখ করা হয়।

ঘুষ গ্রহণের ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ বাদী হয়ে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর