বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

মগবাজারে বাসা থেকে তেজগাঁও পলিটেকনিকের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

মগবাজারে বাসা থেকে তেজগাঁও পলিটেকনিকের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ।

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে তেজগাঁও পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত আব্দুল্লাহ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গন্দকপুর গ্রামের নুরুন্নবী সোহেলের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মগবাজারের ৫২৭/২৩/১ আম বাগান এলাকার একটি বাসার নিচতলায় বসবাস করতেন।

নিহতের বড় বোন সুমাইয়া রিয়া বলেন, ‘আমার বাবা নেই, আমার মা কাপড়ের বিজনেস করেন। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ করছি। আমি সকালে আমার ইউনিভার্সিটিতে চলে যাই। পরে আমি আমার মায়ের মাধ্যমে আমার ভাইয়ের বিষয়ে খবর পেয়ে চলে এসে দেখি এই অবস্থা।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতেও আমার ভাইয়ের সঙ্গে আমি কত কথা বলেছি। ও তো খুব স্বাভাবিক ছিল, ওকে দেখে বুঝতেই পারিনি আজ এমন একটা কাজ করে বসবে। কী এমন কষ্ট ছিল ওর, কী কারণে এমনটা করল আমরা তো কিছুই বুঝতে পারছি না।’

নিহতের মা পারভিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে ছেলে আমাকে ফোন দিয়ে বলে, মা তুমি কোথায়, আসতে কতক্ষণ লাগবে, আমি বলি, আমি একটু ব্যাংকে আছি বাবা, আসতে আধাঘণ্টা লাগবে। ওর সাথে কথা হওয়ার আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট পরে বাসায় আসলে আমার প্রায় ১০১ বছর বয়সী বাবা দরজা খুলে দেন।

‘আমি তাকে জিজ্ঞেস করি, আমার ছেলে কোথায়, তখন আমার বাবা বলে সে তার রুমে ঘুমাচ্ছে। পরবর্তীতে আমি আমার ছেলের রুমে গিয়ে দেখি আমার ছেলে তার প্যান্টের কোমরের বেল্ট গলায় প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে আমার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা চলে আসে।’

পারভিন আক্তার বলেন, ‘আমি আমার মেয়ে এবং তাদের সহায়তায় কাঁচি দিয়ে বেল্ট কেটে আমার ছেলেকে অচেতন অবস্থায় নামিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।

‘সেখানে অবস্থার অবনতি হলে আমার ছেলেকে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর