বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বন্ধ চিনিকল চালু ও উৎপাদন বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

বন্ধ চিনিকল চালু ও উৎপাদন বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই এবং আখের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। একই সঙ্গে কৃষকদের আখ চাষে উৎসাহিত করা, চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছে কমিটি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির নবম বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা, লাভ-লোকসান, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে বলা হয়েছে, বৈঠকে বিএসইসির অধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পর্যালোচনা করে লোকসানের কারণ চিহ্নিত ও তা হ্রাসে প্রতিষ্ঠানভিত্তিক কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়। 

একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকানা ও মামলা-সংক্রান্ত জটিলতা নিরসন, অব্যবহৃত জমি ও সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারের বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও প্রেজেন্টেশন পরবর্তী বৈঠকে উপস্থাপনের আহ্বান জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীন বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর সম্ভাবনা, আখের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আখ চাষে উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। দেশের চিনির চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন উল্লেখযোগ্যভাবে কম হওয়ায় চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়। 

বিসিকের অধীন ৮৪টি শিল্পনগরীর কার্যক্রম পর্যালোচনা করে যেসব শিল্পপ্লটে উৎপাদন বন্ধ রয়েছে অথবা কাঙ্ক্ষিত মাত্রায় পরিচালিত হচ্ছে না, সেগুলোর সমস্যা ও কারণ চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বন্ধ ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সমস্যা নিরসন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, যৌথ বিনিয়োগের সম্ভাবনা যাচাই এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্পোরেশনগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। 

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, উপ-হিসাব মহানিয়ন্ত্রক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, শিল্প মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এমআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর