বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
বৃহস্পতিবার (১২নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন।
জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নের বিষয়টি আলোচনায় আনেন।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।
বিইউ/এএস




