নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির অজ্ঞাত বাসের ধাক্কায় আবুল হোসেন (২৭) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। অটোরিকশায় করে গার্মেন্টসে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসেন নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকার সোয়াদ গার্মেন্টস লিমিটেডে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাঙ্গে গাও গ্রামে। তার বাবার নাম আবুল বাকের গাজী।
আবুলকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জুবায়ের জানান, সকালে অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন আবুল হোসেন। পথে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এমএমআর/এসআই




