বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রীর ‘উপহার’ বক্তব্য ঘুষকে বৈধতা দেওয়ার শামিল: টিআইবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

প্রতিমন্ত্রীর ‘উপহার’ বক্তব্য ঘুষকে বৈধতা দেওয়ার শামিল: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সরকারি প্রকৌশলীদের দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ নেওয়ার সুযোগ দেওয়ার বক্তব্য ঘুষকে বৈধতা দেওয়ার শামিল বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রী ও তাঁর বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়।

প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ দায়িত্ব পালনের জন্যই তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার প্রয়োজন কেন?

তিনি প্রশ্ন তোলেন, উপহার গ্রহণের সুযোগ দেওয়ার মাধ্যমে প্রতিমন্ত্রী কি প্রকারান্তরে ঘুষকে বৈধতা দিচ্ছেন এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ নিতে উৎসাহিত করছেন? যাঁদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম প্রতিরোধ করা, চাকরির শুরুতেই তাঁদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন।

ইফতেখারুজ্জামান বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাতে পারে। ‘নতুন করে চিন্তা’ করার নামে সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। এ বক্তব্য সরকারের অবস্থান কি না, তা স্পষ্ট করার দাবি জানান।

ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী, সরকারি দায়িত্ব পালনের প্রণোদনা বা পুরস্কার হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। একইভাবে দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ৫(১) বিধি অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একই বিধিমালার ৫(৪) উপবিধিতে সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া উপহারের মূল্যসীমা ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর ৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা হতে পারে। তবে এসব বিধানের কোনোটিই দাপ্তরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অনুমতি দেয় না বলে জানিয়েছে টিআইবি।

প্রতিমন্ত্রীর বক্তব্যে স্বার্থের সংঘাতের ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারকি করেন, সেই ঠিকাদারের কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে তাঁর নিরপেক্ষতা বজায় থাকবে কীভাবে? এ ধরনের লেনদেন কাজের তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এতে অন্য ঠিকাদারদের সমান সুযোগও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ঠিকাদার ও প্রকৌশলীদের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতি বাড়তে পারে। একই চর্চা অন্য সরকারি দপ্তরেও ছড়িয়ে পড়লে সেবা পাওয়ার শর্ত হিসেবে উপহারের নামে অবৈধ অর্থ আদায় স্বাভাবিক বিষয়ে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী, ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এ ধরনের অবস্থান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে ‘সমঝোতার লেনদেন’ হিসেবে উল্লেখ করার বক্তব্যের প্রসঙ্গ টেনে ইফতেখারুজ্জামান বলেন, সরকারের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের এমন দুর্নীতিসহায়ক অবস্থান সরকারের জন্যই অশনিসংকেত।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিঃশর্তভাবে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা নিয়ে জবাবদিহি নিশ্চিত করা এবং বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর