বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাসে আগুন-ককটেল নিক্ষেপে উদ্বিগ্ন সিটিজেন ইনিশিয়েটিভ, ৬ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

বাসে আগুন-ককটেল নিক্ষেপে উদ্বিগ্ন সিটিজেন ইনিশিয়েটিভ, ৬ দফা দাবি
ছবি: সংগৃহীত

দেশজুড়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও পরিকল্পিত নাশকতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিটিজেন ইনিশিয়েটিভ।  এসব সহিংসতা প্রতিরোধে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে উল্লেখ করে নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি। 

একই সঙ্গে নাশকতায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিহত ব্যক্তির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তারা। বুধবার (১১ নভেম্বর) সিটিজেন ইনিশিয়েটিভের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও পরিকল্পিত নাশকতার ঘটনা ঘটছে। এসব সহিংসতায় একজনের প্রাণহানির খবর বিশেষভাবে উদ্বেগজনক।

সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মসূচির আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ কিংবা মানুষের প্রাণহানির সুযোগ নেই। এসব অপরাধ প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সংগঠনটির অভিযোগ, ধারাবাহিক নাশকতার ঘটনা ঘটলেও নাগরিকের জানমাল রক্ষায় সরকারের দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ যথেষ্ট বলে প্রতীয়মান হচ্ছে না। 

রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য সম্ভাব্য সহিংসতা নিয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সংঘটিত অপরাধের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞপ্তিতে সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরে বলা হয়, বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ, বিস্ফোরক ব্যবহারসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নিহত ব্যক্তির মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।

এ ছাড়া দেশজুড়ে জনপরিবহন, গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও মানবাধিকারসম্মত পদ্ধতিতে দায়িত্ব পালনের কথাও বলা হয়েছে।

সিটিজেন ইনিশিয়েটিভের দাবির মধ্যে আরও রয়েছে, নাশকতায় ব্যবহৃত বিস্ফোরক ও অন্যান্য উপকরণের উৎস, অর্থায়ন এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাগরিকদের নিয়মিত ও স্বচ্ছ তথ্য জানানো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমনের নামে নির্বিচার গ্রেপ্তার, হয়রানি, নির্যাতন কিংবা বিচারবহির্ভূত কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। রাজনৈতিক বিবেচনায় আইন প্রয়োগে বৈষম্য করা হলে জননিরাপত্তার প্রতি মানুষের আস্থা আরও দুর্বল হতে পারে।

সংগঠনটি মনে করে, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা কোনো রাজনৈতিক পক্ষের দায়িত্ব নয়, বরং এটি রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের নীতির সঙ্গে আপস না করেই অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞপ্তিতে নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়ে জননিরাপত্তা রক্ষায় সরকারের অবিলম্বে কার্যকর, দৃশ্যমান ও জবাবদিহিমূলক পদক্ষেপ প্রত্যাশা করেছে সিটিজেন ইনিশিয়েটিভ।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর