আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে ৮৫ জন কর্মকর্তাকে কোর প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ নভেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। তিন ব্যাচে ৮৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। যারা পরবর্তী মাঠ পর্যায়ের ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।
এর আগে, প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপপরিচালক (স্থানীয়) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে কোর ট্রেইনারদের প্রশিক্ষণ ১০ নভেম্বর তারিখ হতে (দুই) দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় শুরু হবে। উক্ত প্রশিক্ষণের ১ম ব্যাচের প্রশিক্ষণ ১০-১১ নভেম্বর, ২য় ব্যাচের প্রশিক্ষণ ১১-১২ নভেম্বর এবং ৩য় ব্যাচের প্রশিক্ষণ ১২-১৩ নভেম্বর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা অনুষ্ঠিত হবে।
ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে তিন হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা, সীমানা জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন ধরে ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি। দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই তিন হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে ৪৬ হাজার ৩৯৭টি। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে দুই লাখ দুই হাজার ১৫৯টি এবং অস্থায়ী ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৭৩৯টি।
এমএইচএইচ/এসআই




