রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাহ আলী থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও দ্রুত সরিয়ে নেওয়ায় পাশের বাসগুলো রক্ষা পায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাসটি চিড়িয়াখানা সিটি পরিবহনের।
স্থানীয়রা জানান, সেখানে অনেকগুলো বাস পার্কিং করা ছিল। মাঝের একটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখে অন্য গাড়িগুলো দ্রুত সরিয়ে ফেলায় সেগুলো রক্ষা পায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপনও। তিনি জানান, রাত আনুমানিক একটার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এমআর




