মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘হাসিনার পাসপোর্টের অনুরোধকে আবেদন হিসেবে প্রচার করেছে গণমাধ্যম’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

‘হাসিনার পাসপোর্টের অনুরোধকে আবেদন হিসেবে প্রচার করেছে গণমাধ্যম’
মূল ছবিতে শেখ হাসিনা। ইনসেটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে পাঠানো একটি চিঠিকে আবেদন হিসেবে প্রচার করায় দেশের গণমাধ্যমের তথ্য যাচাইয়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা কখনোই টেকসই গণমাধ্যম ব্যবস্থাপনার পরিচায়ক হতে পারে না। 

তিনি বলেন, সাংবাদিকতায় চটকদার শিরোনামের পরিবর্তে নীতি, নৈতিকতা ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত।

সাইদুর রহমান বলেন, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ পরিপ্রেক্ষিতে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বিষয়টি দ্রুত প্রক্রিয়াকরণ এবং এ জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে তাদের অবহিত করতে হাইকমিশনকে অনুরোধ করা হয়। 

চিঠিতে স্টিভেন পাউলস কেসি নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেন।

সাইদুর রহমান বলেন, ওই চিঠিতে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেছেন- এমন কোনো তথ্য উল্লেখ ছিল না। অথচ দেশের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টিকে ‘শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন’ হিসেবে শিরোনাম করা হয়েছে।

তিনি বলেন, ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে ইমেইল পাওয়ার আগেই বিদেশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি দেখা যায়। এমনকি সোমবার সকাল সাড়ে ৯টায় চিঠি পাওয়ার আগেই কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিক তাকে রয়টার্সে প্রকাশিত সংবাদের লিংক পাঠান। পরে ওই সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রায় অভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্টের আবেদন করেছেন’- এ ধরনের চটকদার সংবাদ সাময়িকভাবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করলেও দীর্ঘমেয়াদে তা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর। সাংবাদিকদের ‘শোনা কথা’, ‘জানা কথা’ কিংবা ‘সংশ্লিষ্ট সূত্রের বরাত’নির্ভর সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে মনোযোগী হতে হবে।

সাইদুর রহমানের মতে, আংশিক তথ্য ও অপতথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ থাকে। তাই সাংবাদিকতায় নীতি, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত কোনো ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য কি না, সে বিষয়ে সরকার ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছে। বন্দি বিনিময়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাও সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। গণমাধ্যমে রাজনৈতিক স্বার্থ প্রাধান্য পেলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। একইভাবে পেইড সাংবাদিকতার চর্চাও দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়।

ম্যাট্রিক্স চেম্বার্সের ভূমিকা নিয়েও সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাইদুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি গত ১৫ মাসে আন্তর্জাতিক পরিসরে পাঁচবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করেছে। এর মধ্যে আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার পক্ষে আবেদন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ার বিরোধিতা এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে কাজ করার বিষয়গুলো রয়েছে।

তিনি বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে পতিত সরকারের পলাতক গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়েও গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন।

সাংবাদিকদের সমাজের দর্পণ ও শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করার অতন্দ্র প্রহরী হিসেবে উল্লেখ করে সাইদুর রহমান বলেন, সমাজের ভালো-মন্দ, অন্যায়-অনিয়ম ও বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকতার দায়িত্ব। 

এই দর্পণকে নিজেদের স্বার্থে ব্যবহার বা বিকৃত করার সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দায়িত্বশীল আচরণই প্রত্যাশিত।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর