প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে বিসিএস পরীক্ষার প্রশ্ন প্রণয়ন থেকে সংরক্ষণ পর্যন্ত নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন ফেসলক প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার নজরদারিতে পিএসসির গোপন কক্ষে তৈরি হচ্ছে বিসিএসের প্রশ্ন। পাশাপাশি প্রশ্নপত্র ছাপানো হচ্ছে কমিশনের নিজস্ব ডিজিটাল প্রেসে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী পিএসসির নেওয়া এসব আধুনিক ও কঠোর পদক্ষেপের কথা তুলে ধরেন। সংসদ সদস্য তাঁর প্রশ্নে লক্ষ লক্ষ স্বপ্নবাজ তরুণের রক্ত-ঘামে অর্জিত স্বপ্ন রক্ষার্থে কমিশন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানতে চান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপা হলেও বর্তমানে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রিত হচ্ছে। প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে যুক্ত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা মুদ্রণ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসেই অবস্থান করেন। এ সময় বাইরের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের কাছে কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো কার্যক্রমটি পিএসসি চেয়ারম্যান নিজে মনিটরিং করেন।
এ ছাড়া বিসিএস পরীক্ষার জন্য ব্যবহৃত ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধু সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য এবং মনোনীত কর্মকর্তারা ফেসলকের মাধ্যমে ভল্টরুমে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশ্নপত্র সংরক্ষিত এই ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। আগে প্রশ্নকর্তারা বাসা থেকে প্রশ্ন তৈরি করে জমা দিলেও বর্তমানে তাঁরা পিএসসিতে এসে গোপনীয় কক্ষে বসে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করেন। এরপর তা সিলগালা অবস্থায় সরাসরি সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্যের কাছে জমা দিয়ে ওই দিনই ভল্টে সংরক্ষণ করেন। প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা আনতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে পরীক্ষকেরা উত্তরপত্র বাসায় নিতে পারেন না এবং কমিশনে এসে টিমের মাধ্যমে খাতা মূল্যায়ন করতে হয়। আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম অটোমেশন করা হয়েছে। ওএমআর মেশিনের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত করায় দুর্নীতির কোনো সুযোগ নেই। পাশাপাশি মৌখিক বা ভাইভা পরীক্ষার ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। এতে পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হয়, কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন। আগে থেকে এটি জানার সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে সংসদে জানানো হয়।
এমএইচএইচ/এআর




