কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে কিশোর গ্যাং বলতে কিছু ছিল না। কিন্তু বিগত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই অপরাধপ্রবণতা রোধ করতে হবে, যাতে তা আর বাড়তে না পারে।
শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করলে এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম মনিটরিং করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
কৃষি কর্মকর্তাসহ সকল সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় প্রত্যেক সেক্টরের কাজের অগ্রগতি ও জবাবদিহি করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে টুকু বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। উদারতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার দিক থেকে আমাদের কোনো কমতি নেই।
তিনি বলেন, বিগত সরকার সব ক্ষেত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, সবাই নিয়মের মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করুক। সবাই সহযোগিতা করলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে।
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন, সংরক্ষিত নারী আসনের এমপি শিরিন সুলতানা, শাম্মী আক্তার ও সানজিদা ইসলাম তুলি, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
এমআর/এএইচ



