মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

৪ বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

৪ বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ
মো. শরীফ উদ্দীন। ফাইল ছবি

চাকরি থেকে অপসারণের প্রায় চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) পুনর্বহাল হলেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন। হাই কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তার অপসারণের আদেশ প্রত্যাহার করে চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিধি অনুযায়ী, তিনি জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপন জারির দিন থেকেই এটি কার্যকর হবে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফকে অপসারণ করা হয়। এর ১১ দিন পর, ২৭ ফেব্রুয়ারি চাকরি ফিরে পেতে কমিশনে আবেদন করেন তিনি। তবে ওই বছরের ১৭ মে চিঠি দিয়ে তাকে জানানো হয়, আবেদনটি বিবেচনা করা হয়নি।

এরপর অপসারণের আদেশ ও সংশ্লিষ্ট বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন শরীফ। ২০২৫ সালের ৯ জুলাই আদালত তার পক্ষে রায় দেন। রায়ে অপসারণের আদেশ বাতিল করে সত্যায়িত অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহাল এবং জ্যেষ্ঠতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল দুদক। তবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরে ১৫ অক্টোবর আপিল বিভাগে শুনানির সময় দুদকের পক্ষ থেকে আবেদনটি আর পরিচালনা করা হয়নি। ফলে আদালত আবেদনটি খারিজ করে দেন।

এরপর ২৫ অক্টোবর আদালতের রায়ের ভিত্তিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ। গত ৫ নভেম্বর কমিশনের সভায় তার আবেদন ও আদালতের রায় পর্যালোচনা করে অপসারণের আদেশ প্রত্যাহার এবং চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলো।

যেসব অনুসন্ধানে আলোচনায় আসেন শরীফ

দুদকের চট্টগ্রাম কার্যালয়ে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন শরীফ উদ্দীন। ওই সময় রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়মের অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় আসেন তিনি।

২০২১ সালের জুনে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের করা মামলার বাদী ছিলেন শরীফ। রোহিঙ্গাদের জাতীয়তা সনদ দেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা করেন তিনি। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করেছিলেন।

চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলির আট মাসের মাথায় চাকরি হারান শরীফ। বদলির সময় দুদক জানিয়েছিল, একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় চাকরি করায় নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে পটুয়াখালীতে পাঠানো হয়েছে।

চাকরিচ্যুতির আগে ২০২২ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীফ। এতে পেট্রোবাংলার এক কর্মকর্তার বিরুদ্ধে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন তিনি। এর ১৬ দিন পর তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

তখন শরীফ অভিযোগ করেছিলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও কর্ণফুলী গ্যাসের অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে প্রভাবশালী মহলের বিরাগভাজন হয়েছিলেন তিনি। এসব অনুসন্ধানের কারণেই তাকে চাকরি হারাতে হয়েছে বলে দাবি করেন তিনি।

অপসারণের প্রতিবাদে মানববন্ধন

শরীফকে অপসারণের পর দুদকের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। কমিশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তখন প্রশ্ন তোলে, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালানোর কারণেই তাকে বদলি ও চাকরিচ্যুত করা হয়েছিল কি না। অপসারণের কারণ স্পষ্ট করারও আহ্বান জানায় সংস্থাটি।

তবে দুদক এসব অভিযোগ অস্বীকার করে। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তৎকালীন দুদক সচিব মো. মাহবুব হোসেন দাবি করেন, কাউকে লক্ষ্য করে নয়, কমিশনের শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে বিধি অনুযায়ী শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ৯ জুলাই বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চ শরীফের চাকরিচ্যুতির আদেশ বাতিল করেন। ওই রায়ের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসে দুদক।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর