মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসায় ২ মেডিকেল বোর্ড

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসায় ২ মেডিকেল বোর্ড
ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডে অনেক শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি পুড়ে গেছে বহু বই

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এসব বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা আছেন, তাদের পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড ইতোমধ্যে গঠন করা হয়েছে। তাদের যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও ইনভেস্টিগেশন লাগছে, সবকিছু বিনামূল্যে করে দেওয়া হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, মাদরাসায় অগ্নিকাণ্ডের ফলে শিক্ষার্থীদের শ্বাসনালিতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং শ্বাসনালিতেও ইনজুরি হয়েছে। বহুতল ভবনটির দোতলায় লাইব্রেরি ও প্রশাসনিক অংশ ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় ওপরের তলাগুলোতে থাকা শিক্ষার্থীরা ধোঁয়ায় আক্রান্ত হয়।

তিনি বলেন, আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। ধোঁয়ার কারণে শ্বাসনালিতে ক্ষতি এবং আতঙ্কজনিত মানসিক ট্রমা—সব মিলিয়ে তারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আসে।

চিকিৎসার অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা শুরু থেকেই অত্যন্ত যতœসহকারে শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছেন। দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেক রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ‘অনেকেই মোটামুটি সুস্থ হয়ে উঠছেন। আশা করছি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে ছাড়পত্র দিতে পারব। বাকিরাও এখন পর্যন্ত ভালো আছেন।’

আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, তাদের যথাযথভাবে নিবিড় পরিচর্যা করা হচ্ছে। আশা করা হচ্ছে, তারাও সুস্থ হয়ে উঠবে।

এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন। একইসঙ্গে বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত চিকিৎসাসেবা ঢাকার বাইরে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

M
দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে কথা বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অগ্নিকাণ্ডের কারণ ও ভবনের ব্যবহার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজেরাই বাসা ভাড়া নিয়ে হোস্টেল তৈরি করে থাকে। কিন্তু ভবনটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, সেটি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা বিবেচনা করা জরুরি।

তিনি বলেন, ‘একটি ভবন কোন উদ্দেশ্যে তৈরি হয় এবং কী উদ্দেশ্যে ব্যবহার হয়, সেটির একটি বিল্ডিং রেগুলেশনের ব্যাপার আছে। এর আগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে সেগুলো হোটেল বা রেস্টুরেন্টের জন্য ডিজাইন করা ছিল না। আবাসিক ভবনগুলো বড় রাস্তার পাশে হলে সেগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।’

মাদরাসার ভবনটির ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ভবনটি হয়তো মাদরাসার জন্য নির্মিত হয়নি; বরং একটি বাসাবাড়ি বা অন্য ধরনের ভবনকে মাদরাসায় রূপান্তর করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে বিল্ডিং রেগুলেশন এবং প্রয়োজনীয় নীতিগত পরিবর্তনের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। সার্বিকভাবে ভবনের ব্যবহার ও নির্মাণকে আরও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা দরকার।’

মাদরাসায় আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সর্বশেষ যেটুকু শুনেছি, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রশাসনিক অংশ ও লাইব্রেরিতে শর্টসার্কিট হয়ে থাকতে পারে।’

এর আগে সোমবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। এতে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে যায়। উদ্ধারকারীদের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের কারও শরীরের কোথাও দগ্ধ হওয়ার ঘটনা নেই। তবে ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এমএমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর