রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় সড়কে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসের আগুন থেকে সৃষ্ট ধোঁয়া দ্রুত ওপরে উঠে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে স্টেশনের স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। মুহূর্তের মধ্যে স্টেশন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে অপেক্ষমাণ যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ছোটাছুটি শুরু করেন।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক নিচে সড়কে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। স্টেশনের ভেন্টিলেশন ব্যবস্থা ও প্রবেশপথ দিয়ে সেই ধোঁয়া ভেতরের প্ল্যাটফর্ম ও কনকোর্স লেভেলে প্রবেশ করে। অ্যালার্ম বাজতে শুরু করলে যাত্রীরা হুড়োহুড়ি করে নিচে নামার চেষ্টা করেন।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের ভেতরে জমে থাকা ধোঁয়া নিষ্কাশন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষার পর স্টেশনটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাময়িক এ পরিস্থিতির কারণে ফার্মগেট এলাকায় তীব্র যানজটের পাশাপাশি মেট্রোরেল চলাচলেও কিছুটা ব্যাঘাত ঘটে।
বিইউ/এআর




