প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার এবং উপজেলার ৮টি ইভেন্টের জন্য ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে আমিনুল হক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৪৯৫টি উপজেলায় ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলার ৮টি ইভেন্টের প্রতিটির জন্য তিনজন করে (প্রতি উপজেলায় ২৪ জন) মোট ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংরক্ষিত আসনের নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের সংখ্যা নির্ধারণে যুব উন্নয়ন অধিদফতরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হয়নি। বাংলাদেশ সরকারের (বিবিএস) তথ্য অনুসারে দেশে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।
শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নে একটি প্রকল্প গ্রহণে ফিজিবিলিটি স্টাডির কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া শেষ হওয়ার পর খেলার মাঠ উন্নয়নের কাজ শুরু হবে।
মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্নফাঁসে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। তদন্ত সংস্থার তদন্ত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
সংরক্ষিত আসনের সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সংসদীয় কার্যক্রমে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের অনুমোদিত ১০১টি পদের মধ্যে ৪১টি এবং আপন বিভাগে ২৩৮টি পদের মধ্যে ৯৯টি পদ শূন্য রয়েছে।
এমএইচএইচ/ এফএ




