দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব ভাগ করে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
আবদুস সালাম বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় শুধু কাগজে-কলমে দায়িত্ব বণ্টন করলেই হবে না। প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে দায়িত্ব নির্ধারণ করতে হবে। পাশাপাশি কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটির অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ভবনধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। এজন্য নিয়মিত মহড়া ও জনসচেতনতামূলক সেমিনার আয়োজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তরুণদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দিতে হবে।
সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ওই এলাকায় সরু রাস্তা, পানির সংকট এবং দোকানপাট ও হকারদের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেন্ট স্থাপন বাধ্যতামূলক।

এ সময় নগরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন আবদুস সালাম। একই সঙ্গে অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে ধোলাইখালসহ নগরের পুকুর ও জলাধারগুলো সংরক্ষণের তাগিদ দেন তিনি।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সঞ্চালনায় সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশ নেন। সভায় দুর্যোগের আগে, দুর্যোগকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে সার্বিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এম/এফএ




