সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবির আবাসিক এলাকায় সাবলেট বন্ধে প্রশাসনের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

ঢাবির আবাসিক এলাকায় সাবলেট বন্ধে প্রশাসনের নির্দেশনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকায় সাবলেট হিসেবে বসবাসকারীদের বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্দকৃত বাসা ভাড়াটিয়ামুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসায় বসবাসের বিষয়ে বরাদ্দপত্রে সুনির্দিষ্ট নিয়মাবলি উল্লেখ রয়েছে। বরাদ্দপত্রের শর্ত অনুযায়ী, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বরাদ্দ পাওয়া বাসা সাবলেট দিতে পারবেন না। কেউ এ শর্ত ভঙ্গ করে বাসা সাবলেট দিলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট বাসার বরাদ্দ বাতিল করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকায় বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কেউ কেউ নিয়ম ভঙ্গ করে বাণিজ্যিকভাবে অন্যের কাছে সম্পূর্ণ বা আংশিক বাসা ভাড়া দিয়েছেন। বিশেষ করে উত্তর নীলক্ষেত, দক্ষিণ নীলক্ষেত, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার, স্বাধীনতা টাওয়ার, শিববাড়ী, আজিমপুর ও হাজারীবাগ আবাসিক এলাকায় এ ধরনের অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে বরাদ্দকৃত বাসা থেকে সব ভাড়াটিয়াকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরাদ্দপ্রাপকদের অনুরোধ জানিয়েছে প্রশাসন।

এর আগে গত ২৯ অক্টোবর সরকারি আবাসন পরিদপ্তরও সরকারি বাসা ও ফ্ল্যাটে সাবলেট কিংবা ভাড়াটিয়া রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ওই দিন জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সরকারি আবাসনের সাবলেট ও ভাড়াটিয়াদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আবাসন বরাদ্দ পাওয়া চাকরিজীবীকেই বরাদ্দকৃত বাসায় বসবাস করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বাসা বরাদ্দ বাতিল করা হবে।

সরকারি আবাসন পরিদপ্তরের ওই নির্দেশনার ধারাবাহিকতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাগুলোও সাবলেটমুক্ত করার উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর