সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

কেমিক্যাল গোডাউন স্থানান্তরে সব পক্ষের সহযোগিতা চাইলেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

কেমিক্যাল গোডাউন স্থানান্তরে সব পক্ষের সহযোগিতা চাইলেন শিল্পমন্ত্রী
সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কারখানা স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় সহযোগিতা চেয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার এমনভাবে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা সৃষ্টি না হয়।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, এ উদ্যোগের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটির ওপর মালিকানা প্রতিষ্ঠা করাই এ অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, পুরান ঢাকা থেকে চামড়া শিল্প স্থানান্তরের ক্ষেত্রে সাভারের পূর্ববর্তী তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। সে কারণে শুরু থেকেই সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিল্পপার্কে ইটিপি স্থাপনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই যাতে বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত থাকে, সে বিষয়ে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান নির্ধারণ করতে হবে।

শিল্পমন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তরের মাধ্যমে এ শিল্পের অগ্রযাত্রা নতুন স্থানে আরও গতিশীল হবে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিত্রকোট ও কামারকান্দা মৌজায় ইছামতি নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। এ পার্কে ১ হাজার ৫৩১টি শিল্পপ্লট বরাদ্দ দেওয়া হবে। ইতিমধ্যে প্রকল্পের ৮৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান ও মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান বেনজীর আহমেদ এবং বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেইন্টস, ডাইজ অ্যান্ড কেমিক্যালস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর