দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী’র প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এ সময় নেওয়াজ হালিমা আরলী জানতে চান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণপূর্বক প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্তকরণের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে কাজ করছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে ইউনিয়ন পর্যায় হতে ১০ থেকে ১৪ বছর বয়সের শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি ক্রীড়া ইভেন্ট (ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট) প্রতিযোগিতা আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।
এমএইচএইচ/এফএ




