সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ছবি: সংগৃহীত

সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাতের পর শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

শোকপ্রস্তাবে সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। এ ছাড়া বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাইয়ের নাম রয়েছে। সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের নামও শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়।

শোকপ্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরু।

এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকলে তাঁদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

পরে শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর